গোবিন্দগঞ্জে ট্রাক চালক হত্যায় দু’জন গ্রেফতার

আপডেট : ২১ জুন ২০১৩, ২১:১০
ডাকাতির সময় ছুরিকাঘাতে ট্রাকচালককে হত্যার সাথে জড়িত থাকায় গোবিন্দগঞ্জ থানা-পুলিশ অভিযান চালিয়ে ২ ডাকাতকে আটক করেছে। আটককৃতরা হলো: পলাশবাড়ী উপজেলার সাপধীন মরিচাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ও একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের পাপুল মিয়া। এরমধ্যে আব্দুর রাজ্জাক ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় ডাকাতি ও হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। জানা যায়, গত ১৫জুন রাত সোয়া ২টায় একটি ডাকাতদল উপজেলার জুমারঘর নামকস্থানে গাছ কেটে বেরিকেড দিয়ে বিভিন্ন যানবাহন থেকে নগদ টাকা-পয়সা, মালামাল ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে ট্রাকচালক মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী গ্রামের শাহজাহানের পুত্র শাহিন নিহত হয়। পরে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ও ডিবি পুলিশের সহায়তায় গত ১৮ জুন রাতে পলাশবাড়ীর আমলাগাছি বাজার থেকে আব্দুর রাজ্জাককে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তিতে গোবিন্দগঞ্জের দেবপুর গ্রামের রাস্তার পাশের একটি ডোবা থেকে ডাকাতি ও হত্যাকাণ্ডে ব্যবহূত ছোরা উদ্ধার করে।