ষষ্ঠবারের মতো মাদারীপুর-১ আসনে নৌকার মাঝি হলেন লিটন চৌধুরী

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২১:৪৬

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ শিবচর আসনের নৌকার মাঝি হতে দলীয় মনোনয়ন পেয়েছেন পাঁচবারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন। গত রবিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। এ সময় তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার নির্বাচনী এলাকা মাদারীপুর-১ শিবচর আসনের সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা যায়, লিটন সদালাপী, কর্মী ও উন্নয়নবান্ধব। নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে তার রয়েছে নিবিড় যোগাযোগ। উন্নয়ন বন্ধুসহ নানা উপাধিতে ভূষিত নূর-ই-আলম চৌধুরী লিটন আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। আগের সংসদে তিনি হুইপ ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।  লিটন চৌধুরীর বাবা ও বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরীও ছিলেন ব্যাপক জনপ্রিয়। মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নেতা ইলিয়াস ছিলেন তিনবারের (৭০,৭৩ ও ৯১ সাল) নির্বাচিত সংসদ সদস্য। ১৯৯১ সালে ইলিয়াস আহমেদ চৌধুরীর মৃত্যুর পর উপ-নির্বাচনে লিটন চৌধুরী জয়ী হন। ১৯৯৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে তিনি জয়ী হন লক্ষাধিক ভোটের ব্যবধানে। আর ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।