অ্যান্টোনিও গ্রীজম্যান গত গ্রীষ্মের দলবদল মৌসুমে বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা জানাচ্ছে, আসন্ন দলবদল মৌসুমে আবারও তাকে কেনার জন্য চেষ্টা চালাবে বার্সা। গেল মৌসুমের শেষে একটি টিভি অনুষ্ঠানে অ্যাটলেটিকোয় থাকার কথা প্রকাশ করেছিলেন তিনি। ফরাসি এই ফরোয়ার্ডকে কেনার চেষ্টা তখনই ছেড়ে দিয়েছিলো কাতালান দলটি; কিন্তু সাম্প্রতিক সময়ে লিভারপুলের কাছে লজ্জাজনক হারের ফলে আবারও তাকে কেনার চেষ্টায় নেমেছে দলটি। ফেলিপে কোটিনহোর ছন্দহীনতা আর গ্রীজম্যানের স্বদেশী উসমান দেম্বেলের ফিট থাকতে না পারাই এই জায়গায় নতুন করে ভাবনায় ফেলেছে দলটিকে। এদিকে রোহিব্ল্যাঙ্কোরাও ফরাসি এই খেলোয়াড়কে না ছাড়ার ব্যাপারে আগের মতো শক্ত অবস্থানে নেই। আসন্ন ১ জুলাই খেলোয়াড়টির ‘রিলিজ ক্লজ’ ২০০ মিলিয়ন ইউরো থেকে নেমে আসবে ১২০ মিলিয়ন ইউরোয়। ধারণা করা হচ্ছে তখনই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডটিকে কেনার চেষ্টা করবে বার্সা।
