অধিনায়ক নাইবের শুভ সূচনা

আপডেট : ১১ মে ২০১৯, ২১:৪০

স্পোর্টস ডেস্ক

অধিনায়ক হিসেবে শুভ সূচনাই করলেন আফগানিস্তানের নতুন অধিনায়ক গুলবাদিন নাইব। দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে গেল শুক্রবার রাতে স্কটল্যান্ডকে ডাকওয়ার্থ-লুইস মেথডে দুই রানে হারায় আফগানিস্তান। দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল নাইবের দল।

ফলে, অভিষেক সিরিজটাই জয় দিয়ে শুরু করলেন নাইব। সেটাও আবার দুই শীর্ষ ক্রিকেটার মোহাম্মদ নবী ও রশিদ খানকে ছাড়াই। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল। স্কটল্যান্ডের এডিনবার্গে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৫ রানের বড় সংগ্রহ পায় স্কটল্যান্ড। অধিনায়ক কাইল কোয়েত্জার ও ক্যালাম ম্যাকলোডের ব্যাটিং দাপটে বড় স্কোর গড়ে স্বাগতিকরা। কোয়েত্জার ১২টি চারে ৯৮ বলে ৭৯ রানে আউট হলেও, ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন ম্যাকলোড। সেঞ্চুরি তুলেই আউট হন তিনি। ১০টি চার ও ১টি ছক্কায় ৮৯ বলে ১০০ রান করেন এই ডান-হাতি ব্যাটসম্যান।

আফগানিস্তানের বিপক্ষে এটিই স্কটল্যান্ডের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তবে নিজেদের ওয়ানডে ইতিহাসে এটা আছে চার নম্বরে। আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নাইব ৭২ রানে ৩ উইকেট নেন। জয়ের জন্য ৩২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৪.৫ ওভারে ৩ উইকেটে ২৬৯ রান তুলে ফেলেন তারা। এরপর বৃষ্টির কারণে ম্যাচটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বৃষ্টি আইনে আফগানদের জয়ী ঘোষণা করা হয়।

সাতটি চার ও একটি ছক্কায় ৬৭ বলে ৫৫ রান করে আউট হন উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদ। ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি তুলে ১১৩ রানে থামেন রহমত শাহ। তারই হাতে উঠে ম্যাচ সেরার পুরস্কার।  দলীয় ২৩০ রানে রহমতের আউটের পর দলকে জয়ের পথে রেখেছিলেন শাহিদি ও সাবেক অধিনায়ক আসগর আফগান।  শাহিদি ৬০ বলে ৫৯ ও আসগর বলে ২২ রানে অপরাজিত থাকেন।