দেশের ২৬ জন বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিক এক যুক্ত বিবৃতিতে বলেছেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, কিছুদিন যাবত্ বিভিন্ন টেলিভিশন টক শো’র নিয়মিত আলোচক ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ক্ষমতাসীনদের ক্রমাগত আক্রমণাত্মক বক্তব্যের ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য ঘটনা সংঘটিত হয়ে চলেছে। সর্বশেষ গত ১০ জুন রাতে রাজধানীর কাওরান বাজার এলাকায় ড. তুহিন মালিকের গাড়িতে সশস্ত্র হামলা চালানো হয়েছে। এসময় তিনি কাওরান বাজারে অবস্থিত একটি টেলিভিশন চ্যানেলের সরাসরি সম্প্রচারিত টক শোতে অংশগ্রহণরত অবস্থায় ছিলেন। হামলায় তার গাড়ির চালক গুরুতর আহত হন। এর আগে অজ্ঞাত ব্যক্তিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিমকে টেলিফোনে প্রাণনাশের হুমকি প্রদান এবং টেলিভিশন টক শোতে অংশ না নেয়ার জন্য শাসায়। এছাড়া দৈনিক নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরকেও হুমকি দেয়া হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা মনে করি, এই সন্ত্রাসী তত্পরতা স্বাধীন মতপ্রকাশের অধিকার ও ব্যক্তির বাক স্বাধীনতার প্রতি চরম আঘাত এবং নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তার ওপর মারাত্মক হুমকি। আমরা এইসব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের সনাক্ত করে তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। বিবৃতিতে স্বাক্ষর করেছেন এবিএম মূসা, ব্যারিস্টার রফিক উল হক, ড. আকবর আলি খান, রিয়াজউদ্দিন আহমেদ, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, ড. শাহদীন মালিক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, আফসান চৌধুরী, নুরুল কবির, ড. পিয়াস করিম, ড. আসিফ নজরুল, গোলাম মওলা রনি, মামুন রশীদ, ড. আমেনা মহসিন, ড. মামুন আহমেদ, ফেরদৌস হোসেন, নঈম নিজাম, আবু সাঈদ খান, পীর হাবিবুর রহমান, সালেহউদ্দিন, মনির হায়দার, অঞ্জন রায়, গোলাম মোর্তজা, খালেদ মুহিউদ্দিন ও রোবায়েত ফেরদৌস।
