মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন গুইমারার অপহূত আওয়ামী লীগ সভাপতি

আপডেট : ২১ জুন ২০১৩, ২৩:০৫
অপহরণের ৫ দিন পর খাগড়াছড়ির গুইমারা থানা আওয়ামী লীগ সভাপতি মো জাহাঙ্গির আলম (৫০) ও তার মোটর সাইকেল চালক মো. হারুন (২৮) গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় অপহরণকারীদের কবল থেকে মুক্তি পেয়ে বাড়িতে ফিরেছেন। গত ১৬ জুন রবিবার দুপুর ২টায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মাটিরাঙা উপজেলাধীন বাইল্যাছড়ি বুদুমপাড়া এলাকা থেকে অজ্ঞাতনামা কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্রের মুখে তাদের অপহরণ করে গভীর জঙ্গলে নিয়ে যায়। পারিবারিক ও দলীয় সূত্রগুলো অপহরণের জন্য পাহাড়ের একটি আঞ্চলিক রাজনৈতিক দলকে দায়ী করলেও শেষ মুহূর্ত পর্যন্ত এ ব্যাপারে কেউ বাদী হয়ে থানায় মামলা করেনি। মুক্তির পর পারিবারিক সূত্রগুলো জানায়, এদের ২ জনকে অপহরণের পর সন্ত্রাসীরা জেলা শহরের কুকীছড়া হয়ে মাইচছড়ি এলাকায় নিয়ে আটকে রাখে। সন্ত্রাসীরা প্রথমদিকে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করলেও সর্বশেষ ১৩ লক্ষ টাকা মুক্তিপণ দিতে হয়েছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে।