আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ছয়টি আসনে বিএনপির একাধিক প্রার্থীকে মনোনীত করা হয়েছে। সোমবার বিকালে ঢাকার গুলশান কার্যালয় থেকে প্রার্থীদের দলীয় মনোনয়নের চিঠি দেওয়া শুরু হয়েছে। তবে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসন থেকে বাদ পড়েছেন বিএনপির ত্যাগী নেতা জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু। এ আসন থেকে তার বড় ভাই সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরসহ দু’জনকে মনোনীত করা হয়েছে।
জানা গেছে, ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এই আসনে ক্ষমতায় ছিলেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবীর। ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের শেষের দিকে আলমগীর কবির এলডিপিতে যোগ দেন। একই বছরে এলডিপি থেকে পদত্যাগ করেন। প্রায় এক যুগ ধরে তার ছোট ভাই বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু এ আসনের বিএনপি নেতা-কর্মীদের অভিভাবক হিসেবে ছিলেন। নেতা-কর্মীদের সুখ-দুঃখের সময় পাশে এসে দাঁড়িয়েছেন। আগামী নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে তিনি এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা করেছেন। কিন্তু হঠাত্ করেই তার বড় ভাই আলমগীর কবীর পুনরায় বিএনপিতে ফিরে এসেছেন এবং দল থেকে তাকে মনোনীত করা হয়েছে।
রাণীনগর থানা বিএনপির সভাপতি এসএস আল ফারুক জেমস বলেন, বিএনপির একনিষ্ঠ কর্মীকে মনোনয়ন থেকে বাদ দেওয়া হলো। আসন্ন নির্বাচনে কার পক্ষে কাজ করা হবে তা নিয়ে দলীয়ভাবে বসে সিদ্ধান্ত নেয়া হবে।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীর এবং শেখ রেজাউল ইসলাম রেজুকে প্রাথমিকভাবে দলীয় মনোনয়নপত্র দেওয়া হয়েছে।
