জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, যেখানে অন্ধকার সেখানে প্রদীপ জ্বালাতে হয়, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করলে আওয়ামী লীগের সমর্থকের অভাব হবে না। তিনি তরুণদের উদ্দেশে বলেন, পার্টিকে ফাঁকি দিয়ে কোনো কিছু করা যাবে না, একনিষ্ঠভাবে রাজনীতি করলে সাফল্য অর্জন করতে পারবেন। তিনি বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি আল্লাহ্ও পছন্দ করেন না। সব ধর্মের মানুষই আল্লাহর সৃষ্টি। তাই সকলেই আমাদের বন্ধ,ু আমাদের ভাই—সংসদ উপনেতা শুক্রবার দুপুরে ফরিদপুরে নবগঠিত সালথা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সম্মেলনে দেলোয়ার হোসেনকে সভাপতি, ফারুকুজ্জামান ফকির মিয়াকে সাধারণ সম্পাদক ও রেজাউর রহমান চয়নকে সাংগঠনিক সম্পাদক করে ৫৭ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। সালথা কলেজ মাঠে আয়োজিত এ সম্মেলনে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর চৌধুরী বাবলুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সালথা উপজেলা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন প্রমুখ।
