মাওয়ায় অজ্ঞান পার্টির এক সদস্য আটক

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:০৯
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে সাগর আহমেদ নামে (২৫) অজ্ঞান পার্টির এক সদস্য জনতার হাতে ধরা পড়েছে। সে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর পিংলাকাঠি গ্রামের আকবর আলীর পুত্র। পরে তাকে মাওয়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার মধ্য রাতে ঢাকা থেকে বরিশালগামী গ্রামীণ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে কয়েকজন অজ্ঞান পার্টির সদস্য বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে সোলাইমান (৩৫) নামে পাশের একযাত্রীকে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খাইয়ে অজ্ঞান করে ফেলে। বাসটি মাওয়ায় এসে ফেরির জন্য অপেক্ষার সময় অপর এক যাত্রী বিষয়টি লক্ষ্য করেন। অজ্ঞান পার্টির সদস্যরা সোলাইমানের সর্বস্ব লুটে নেয়ার সময় অন্য যাত্রীরা মিলে অজ্ঞান পার্টির সদস্য সাগরকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে মাওয়া ফাঁড়ি পুলিশে সোপর্দ করা হয়।পুলিশের কাছে সে স্বীকার করেছে, দীর্ঘদিন যাবত্ তারা চার সদস্যের একটি দল এ রুটে চলাচলকারী যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নিচ্ছে।