নতুন জীবনে তামিম

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:২০
বাংলাদেশের ক্রিকেটের ‘যুবরাজ’ বলা যায় তামিম ইকবালকে। চট্টগ্রামের সেরকমই রাজসিক এক ক্রীড়া পরিবারে জন্ম। যুবরাজের মতোই নির্ভীক ব্যাটিং করে হাজারো ভক্তের হূদয় জয় করে নিয়েছেন। অনেক আগেই জয় করে নিয়েছেন চট্টগ্রামেরই আয়েশা সিদ্দিকারও হূদয়। অবশেষে গতকাল দীর্ঘদিনের মন দেয়া নেয়ার পর্ব চুকিয়ে বিয়ে সেরে ফেললেন বাংলাদেশ জাতীয় দলের তারকা তামিম ইকবাল। গতকাল রাতে শহর আলো করে ফেলা এক অনুষ্ঠানে নতুন জীবনে প্রবেশ করলেন তামিম ইকবাল। তামিমের সাগম্বর এই বিয়েতে দেশের রাজনীতি, ক্রীড়া জগতের নামকরা সব অতিথিরা উপস্থিত ছিলেন। যদিও জাতীয় দলের সতীর্থরা মূলত ঢাকায় অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন; তারপরও সতীর্থরা প্রায় সবাই ফোনে শুভেচ্ছা জানিয়েছেন। আর বিয়েতে উপস্থিত ছিলেন চাচা আকরাম খানের সতীর্থ জাতীয় দলের খেলোয়াড় আতাহার আলী খান, খালেদ মাসুদ পাইলটরা। উপস্থিত ছিলেন চট্টগ্রামের জাতীয় তারকা আফতাব আহমেদ, নাজিমউদ্দিনরা। আর বিয়ের অভিভাবকই যেন হয়ে উঠেছিলেন তামিমের বড় ভাই, আরেক টেস্ট ক্রিকেটার নাফীস ইকবাল।