মেসি নির্দোষ:আইনজীবী

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:২১
তারকা ফুটবলার মেসির জীবনে হঠাত্ এক ঝড় হয়েই এসেছে কর জালিয়াতির অভিযোগ। স্পেনের কর কর্তৃপক্ষ দাবি করেছে, ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত কর প্রদানে মেসি কমপক্ষে তিনবার জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এ ব্যাপারে মেসি ও তার বাবাকে আগামী ১৭ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে হবে। তবে, আদালতে হাজির হওয়ার আগেই আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করা শুরু করে দিয়েছেন মেসি। এক লিখিত বিবৃতিতে তার আইনজীবী মেসির বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, তিনি বিশ্বাস করেন, তার মক্কেল একেবারেই নির্দোষ। মেসি স্পেনের কর আইনের ব্যাপারে বিবেকের কাছে পরিষ্কার। সবশেষে তিনি আশা প্রকাশ করেছেন, সমস্যাটি দ্রুত মিটে যাওয়ার। তিনি বলেন, ‘আশা করছি, মাননীয় আদালত এ সমস্যাটি দ্রুত মিটিয়ে ফেলার ব্যাপারে ভূমিকা পালন করবেন। কারণ, আমার মক্কেল ব্যাপারটি নিয়ে প্রচণ্ড বিব্রতকর অবস্থায় রয়েছেন।