সখীপুরে নকল স্বর্ণ দিয়ে প্রতারণার সময় নজরুল ইসলাম (৩৫) নামের এক আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্যকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসি। প্রতারক নজরুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার কহিরচালা গ্রামের আজগর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে উপজেলার কীর্তনখোলা গ্রামের রোকেয়া বেগম (৪৫) তার ভাইয়ের বাড়ি যাচ্ছিলেন। তিনি প্রতিমা বংকী বাজারের কাছে পৌঁছলে নজরুল ইসলাম ও সুজন নামের দুই প্রতারক ঐ মহিলাকে রাস্তায় একা পেয়ে স্বর্ণের কানের দুল পরিবর্তন করে নকল স্বর্ণের বিস্কিট হাতে দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা নজরুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অবস্থা বেগতিক দেখে অপর প্রতারক পালিয়ে যায়।
