গ্রেফতার চার
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা পুলিশ শুক্রবার রাতে লোহার শিকলে বাঁধা নির্যাতিত এক গৃহবধূকে উদ্ধার করেছে। তিনি উপজেলার খারনৈ ইউনিয়নের খারনৈ গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে ফাতেমা আক্তার (২৫)। এ সময় তার স্বামী জাহাঙ্গীর আলম, সতিন নার্গিস আক্তার, শ্বশুর মনসুর আলী ও ননদ ফরিদা আক্তারকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি মো. মাজহারুল করিম।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে জাহাঙ্গীর আলম গোপনে ফাতেমাকে বিয়ে করে। পরে আরেক স্ত্রীর কথা জানতে পারেন তিনি। এদিকে ফাতেমাকে কিছুতেই মেনে নিতে পারেনি প্রথম স্ত্রীসহ তার পরিবারের লোকজন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে ঝগড়া চলছিল। এক পর্যায়ে গত ৭ মে থেকে ফাতেমাকে জাহাঙ্গীরের ঘরে লোহার শিকল দিয়ে বেঁধে নির্যাতন করা হচ্ছিল। ওইদিন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম বলেন, আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
