রাজশাহীতে কলার দাম অস্বাভাবিক!

আপডেট : ১১ মে ২০১৯, ২২:০৭

স্টাফ রিপোর্টার, রাজশাহী

ইফতারে আলাদা মাত্রা যোগ করে কলা। আর এই কলার দাম যেন আকাশ ছুঁয়েছে রাজশাহীর বাজারগুলোতে। রোজার এক সপ্তাহ আগেও এখানে কলা বিক্রি হয়েছে প্রতি হালি ১৬ থেকে ২০ টাকা। অথচ রোজার প্রথম দিন থেকে এক লাফে কলার দাম হালি প্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। এভাবে প্রতিটি কলা ৮ থেকে ১০ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে।

শহরের স্টেশন বাজার এলাকায় সাইকেলে চড়ে কলা বিক্রি করছিলেন জব্বার আলী। তিনি জানান, কলা উত্পাদনের কৃষকদের বেশি খরচ হচ্ছে বলে দাম বেশি।

সাহেব বাজার এলাকায় কলা ক্রেতা নাসির হোসেন অভিযোগ করেন, রোজা আসলে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কলার দাম বাড়িয়ে দেয়। এবার তারা ইফতারের কয়েক ঘণ্টা আগে কলা এনে বেশি দামে বিক্রি করছে। বছরের অন্য সময় ২০ টাকা হালি কলা পাওয়া গেলেও এবার দ্বিগুণ দাম গুণতে হচ্ছে। বাজারে আরেকজন কলার ক্রেতা রকি আহমেদ বলেন, কলার এতো দাম হওয়ার কথা নয়। রমজানে বাজার মনিটরিংয়ের অভাবে সুযোগ নেয় অসাধু ব্যবসায়ীরা।