গ্রামীণ ব্যাংকের ওপর আক্রমণ বন্ধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান রাশ হোল্ট। তিনি গ্রামীণ ব্যাংককে বর্তমান সময়ের ‘অর্থনৈতিক বিস্ময়’ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে হস্তক্ষেপ করারও আহবান জানিয়েছেন। গত বৃহস্পতিবার রাশ হোল্টের নিজস্ব ওয়েবসাইটে (holt.house.gov) বিবৃতিটি প্রকাশিত হয়।
‘বাংলাদেশ গভর্নমেন্ট মাস্ট হল্ট অ্যাটাকস অন গ্রামীণ ব্যাংক’ শীর্ষক ওই বিবৃতিতে রাশ হোল্ট বলেন, আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির প্রতি আহবান জানাই, ঢাকাকে পরিষ্কার করে বলুন, গ্রামীণ ব্যাংক সারা বিশ্বের দরিদ্রদের জন্য কাজ করছে। সে কারণে এ ব্যাংকের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, যদি বাংলাদেশ সরকার এ প্রতিষ্ঠানটি এবং ড. ইউনূসের ওপর আক্রমণ অব্যাহত রাখে, তাহলে যুক্তরাষ্ট্র সরকারের উচিত বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করা।
বিবৃতিতে হোল্ট আরো বলেন, বাংলাদেশে সরকার গ্রামীণ ব্যাংককে নিয়ন্ত্রণ করতে অথবা ভেঙ্গে দিতে চাইছে। অথচ এটি এমন একটি ব্যাংক; যেটি বিশ্বের লাখ লাখ মানুষকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্বাবলম্বী করতে সক্ষম হয়েছে।’ তিনি বলেন, ‘আমি মনে করি গ্রামীণ ব্যাংকের মতো এমন আরো প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে দেশটির। তাই বাংলাদেশ সরকারের উচিত ড. ইউনূসের কাজকে স্বীকৃতি দিয়ে তার সঙ্গে সহযোগিতা করা, তার বিরোধিতা করা নয়।’
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত সপ্তাহে স্থানীয় একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত নোবেল ও কংগ্রেশনাল মেডেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের একটি ‘খোলা কলাম’ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এতে গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।’
প্রসঙ্গত, ক্ষুদ্রঋণ ও এর মাধ্যমে দারিদ্র্য নিরসনে অবদান রাখার জন্য ড. ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘কংগ্রেশনাল গোল্ড মেডেল’ অর্জন করেন। এটি পাওয়ার পেছনে অন্যতম সহায়তাকারী ছিলেন এ মার্কিন কংগ্রেসম্যান।
