বৃটিশ কাউন্সিল এবং স্ট্যাণ্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ যৌথভাবে জাতীয় শিক্ষাক্রমের একটি সক্রিয় উপাদান শারীরিক শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে। শারীরিক শিক্ষার একটি সমন্বিত শিক্ষা-সহায়ক উপাদান প্রস্তুত করার কথা ঘোষণা করতে পেরে তারা গৌরবান্বিত। এই সহায়ক উপকরণ হল- এক সেট ‘খেলতে খেলতে শেখা’ কার্ড- বাংলাদেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সহায়তার জন্য সব বিদ্যালয়ে বিতরণ করা হবে, যার ফলে শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সব বিদ্যালয়ের শিশুদের শারীরিক যোগ্যতা ও সুস্থতা গড়ে উঠবে। দেশব্যাপী এই প্রকল্পের প্রথম পর্যায়ে, আলীয়া মাদ্রাসাসহ বাংলাদেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে বিতরণের জন্য, বৃটিশ কাউন্সিল ও স্ট্যাণ্ডার্ড চার্টার্ড ব্যাংক, শিক্ষামন্ত্রীর কাছে ৩৫ হাজার কপি খেলতে খেলতে শেখা কার্ড হস্তান্তর করেছে।
শারীরিক শিক্ষার ৩৬টি কার্ডের সেটটি বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাগুলোর উপর ভিত্তি করে শরীর চর্চার প্রচলন করবে। এই কার্ড হচ্ছে তরুণদের ক্রীড়াশক্তি দিয়ে সংযুক্ত করতে এবং তাদের আত্ম-উন্নয়নে অনুপ্রাণিত করার লক্ষ্যে লণ্ডন ২০১২ অলিম্পিক দ্বারা অনুপ্রাণিত হয়ে ব্রিটিশ কাউন্সিল, ইউনিসেফ ও ইউকে স্পোর্ট এর সহযোগিতায় বাস্তবায়িত তিন বছর মেয়াদী ‘ইন্টারন্যাশনাল ইন্সপিরেশন’ কর্মসূচির ফসল। প্রতিটি কার্ড একটি ভিন্ন খেলাকে পরিচিত করে থাকে এবং নতুন পাঠ্যসূচিতে নবজীবন দান ও শক্তি যোগাতে কীভাবে শারীরিক শিক্ষার পাঠ পরিচালনা করতে হয়, সে সম্পর্কে শিক্ষকদের ধারণা প্রদান করে থাকে।
আন্তর্জাতিক ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান আজকের খেলতে খেলতে শেখা কার্ড হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, ‘বাংলাদেশের জাতীয় ক্রীড়ার জন্য এটি প্রয়োজনীয় শক্তি যুগিয়ে যাবে’। বাংলাদেশে ১০০ বছরেরও বেশি সময় ধরে অবস্থানকালে স্ট্যাণ্ডার্ড চার্টার্ড ব্যাংক সব সময়ই এদেশের মৌলিক গুণাবলী, সংস্কৃতি ও জনসাধারণকে তুলে ধরতে অঙ্গীকারবদ্ধ থেকেছে। এই বইটির প্রাণবন্ত প্রকাশে যারা আমাদের সাহায্য করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানানোর সুযোগ গ্রহণ করতে চাই।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ মন্তব্য করেন, ‘শারীরিক শিক্ষা’র শিক্ষাদানে সমর্থন যোগাতে ও সমপ্রসারণে কাজ করার জন্য ব্রিটিশ কাউন্সিলের কাছে এবং তার পেছনে সহযোগিতার জন্য স্ট্যাণ্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছে আমি খুব কৃতজ্ঞ, আর জাতীয় ক্রীড়া পাঠ্যসূচি সম্পদ প্রণয়নে ‘ইন্টারন্যাশনাল ইন্সপিরেশন’ কর্মসূচির গুরুত্ব স্বীকার করছি।’
প্রাইম ইউনিভার্সিটি
ক্যাম্পাস প্রতিবেদক
সমপ্রতি প্রাইম ইউনিভার্সিটির উদ্যোগে ফ্রেসার্স রিসিপশন ও গেট টুগেদার অনুষ্ঠিত হয়। উজ্জ্বল স্বপ্নে ঘেরা, এক ঝাঁক মেধাবী নবাগত তরুণের হর্ষোত্ফুল্ল পদচারণা, নবীনদের ফুলেল শুভেচ্ছা, প্রাইম ইউনিভার্সিটি শিল্পীদের পরিবেশিত নাচ, গান, কৌতুক, নাটিকা, ফ্যাশন শো এবং ক্লোজআপ ওয়ান তারকা ও সেরা কণ্ঠ শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, এ যেন নতুন-পুরাতনের এক অনবদ্য মিলন মেলা। ঘড়ির কাঁটা ৫টা অতিক্রম করার পূর্বেই উত্তরা ক্লাবের লোটাস মিলনায়তন জুড়ে চলছিল উপচেপড়া আলোর মিছিল। এছাড়া অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের প্রাইম ইউনিভার্সিটির নিয়মকানুন, মূল্যবোধ, ক্লাব, কম্পিউটার ল্যাব ব্যবহার, লাইব্রেরি, ক্যারিয়ার সার্ভিস, ইনফরমেশন টেকনোলজিসহ অন্যান্য সুযোগ- সুবিধা সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রাইম ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস- চেয়ারম্যান ড. মোহাম্মদ আবুল হোসেন। বর্ণাঢ্য এসব আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি আলহাজ্ব মো. ফজলুল করিম । প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেল মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. মতিউর রহমান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক ও পরমাণু বিজ্ঞানী ড.জসিম উদ্দিন, সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, প্রধানমন্ত্রীর এপিএস মো. সাইফুজ্জামান শেখর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির ট্রেজারার ও ভাইস-চ্যান্সেলর (ইনচার্জ) ড. এস এম ইউনুছ, পরিচালক (অর্থ) ইএজি জান্নাত-ই- হোসেন, বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারী জেনারেল ড. এ এস এম বায়েজিদ উল হাসান, ড. এস এম সাব্বির হাসান, অধ্যাপক ড. রহমত-ই-খোদা প্রমুখ।
বাংলাদেশ ইউনিভার্সিটি
ক্যাম্পাস প্রতিবেদক
বাংলাদেশ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক সচিব মরহুম কাজী আজাহার আলীর নামে প্রথমবারের মতো অনুষ্ঠিত কাজী আজাহার আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৩-এর উদ্বোধন করা হয়েছে। সমপ্রতি মোহাম্মদপুরস্থ ইউনিভার্সিটির কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির সিন্ডিকেট এবং বোর্ড অব ট্রাষ্টিজ এর সদস্য ডা. সাগুপ্তা মাহমুদ। ছয়দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্রিকেট প্রতিযোগিতায় ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগ, শিক্ষক এবং প্রশাসনের একটি দলসহ মোট ২৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে আজ সোসিওলজি বিভাগ ৪ রানে সুপার নাইন, ব্লু স্টার ৬ উইকেটে নিউ ইয়ং স্টার এবং বি-ব্লোকার ৬ উইকেটে ইংলিশ ২৯ (এ) কে পরাজিত করেছে।
ড্যাফোডিল ইউনিভার্সিটি
ক্যাম্পাস প্রতিবেদক
ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের উদ্যোগে নবীন রোভারদের ওরিয়েন্টেশন এবং বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমপ্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও এমিরিটাস প্রফেসর ডঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস্ এর এয়ার অঞ্চলের কমিশনার গ্রুপ ক্যাপ্টেন সৈয়দ শাকিল আলী ও সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস্ এর এয়ার অঞ্চলের সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার গ্রুপের সভাপতি অধ্যাপক ডঃ এম লূত্ফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডঃ এম মিজানুর রহমান।
