আইসিটি মন্ত্রণালয়ে মোবাইল অ্যাপ্লিকেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ২৫ জুন ২০১৩, ১৯:৩৫
মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তবে এখনও মোবাইল ফোন বেশিরভাগ ক্ষেত্রেই কথা বলার মধ্যেই সীমাবদ্ধ। দেশের মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি পেরিয়ে ১১ কোটি ছুঁই ছুঁই করছে। তাই এখনই মোবাইল ফোনের জন্য নতুন নতুন অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে, যাতে একজন ব্যবহারকারীর চাহিদা পূরণ হয়। আর আমাদের দেশের কথা বিবেচনায় রেখে অ্যপ্লিকেশন তৈরি করতে হবে বাংলা ভাষায়, যাতে একজন ব্যবাহারকারীর ইংরেজী দক্ষতা অপরিহার্য হবে না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় আয়োজিত বিসিসি ভবনে আয়োজিত ‘অ্যাপস ডেভেলপমেন্ট:মার্কেট অ্যানালাইসিস’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। আইসিটি সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণফোনের জেনারেল ম্যানেজার, হেড অব কনটেন্ট অ্যান্ড এ্যাপ্লিকেশন এএসএম রফিক উল্যাহ। স্বাগত ভাষণ দেন আইসিটি মন্ত্রণালযের যুগ্ম-সচিব গাজী মিজানুর রহমান। কর্মশালায় বক্তৃতা করেন বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর, উইনটেলের চেয়ারম্যান এটিএম মাহবুবুল আলম, এটুআই অ্যাপস এক্সপার্ট রেজওয়ানুল হক জামী, স্বনির্ভর বাংলাদেশ-এর পরিচালক (আইটি) ড. খালিদ নোমান হোসাইনী প্রমুখ।