প্রায় সব ধরনের প্রযুক্তি ডিভাইসেই ব্যবহূত হয়ে থাকে জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। সব ধরনের অপারেটিং সিস্টেমেই জাভা’র নানা ধরনের প্রোগ্রাম আর অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়ে থাকে। এই জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজের প্রকৃত উদ্ভাবকদের মধ্যে একজন প্যাট্রিক নটন। ১৯৬৫ সালে জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের এই সফটওয়্যার ডেভেলপার কর্মজীবনের শুরুর দিকেই যোগ দেন সান মাইক্রোসিস্টেমে। সেখানে সি++ এবং সি এপিআই নিয়ে কাজ করে সুবিধা করে উঠতে পারেননি নটন। সান ছেড়ে দেওয়ার কথা যখন ভাবছিলেন তিনি, তখন স্টিলথ প্রজেক্ট নামে নতুন একটি প্রোগ্রামের দায়িত্ব দেওয়া হয় থাকে। জেমস গসলিং এবং মাইক শেরিডান এই প্রজেক্টে যোগ দেন তার সাথে। পরবর্তী প্রজন্মের স্মার্ট অ্যাপ্লায়েন্সের জন্য তারা কাজ শুরু করেন। তবে পরবর্তীতে তাদের কাজের লক্ষ্য হিসেবে নির্ধারণ করেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে। এ সময় নটন একটি ব্রাউজারও তৈরি করেন, যার নাম দেওয়া হয় হটজাভা। ১৯৯৪ সালে সান ছেড়ে দেন নটন এবং যোগ দেন স্টারওয়েভে। এখান থেকেই তৈরি হয় ইএসপিএন ডটকম, এবিসিনিউজ ডটকম-এর মতো হাই-প্রোফাইল ওয়েবসাইট। পরে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান পরিবর্তন করেন নটন। সর্বশেষ তিনি ২০১০ সালে অ্যাজালিওস নামক প্রতিষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন।
