দেশের বিভিন্ন স্থানে ২৯ জনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
দিনাজপুর: দিনাজপুরে মাদক বিরোধী অভিযানে ২৫ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ২৫জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করেছে। এদের বিরুদ্ধে নয়টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানকালে পুলিশ ১শ পিস ইয়াবা, ২৫বোতল ফেনসিডিল ও ১৫ পিস এম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের ডিবি পুলিশ সোমবার গভীর রাতে উপলোর উত্তর মিঠাখালী গ্রাম্য সড়কে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মাজাহারুল আমিন জানান, তাদের বিরুদ্ধে ডিবির উপ-পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন জসিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ৬০ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে বিজিবি। মঙ্গলবার সকালে রহনপুর পৌর এলাকার নুনগোলায় ব্র্যাক অফিসের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। ১৬ বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা রহনপুর-ভোলাহাট সড়কের নুনগোলা এলাকায় টহল দেওয়ার সময় একজন পথচারীকে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির সদস্যরা তার শরীরে তল্লাশি চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেছে।
মান্দা (নওগাঁ): মঙ্গলবার সকালে মহাদেবপুরে ১০ বোতন ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা জানান, হাকিমপুর উপজেলার নওপাড়া এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসবের মধ্যে ছিল গাঁজা, ফেনসিডিল ও মদ। গতকাল মঙ্গলবার ভোরে বিজিবি সদস্যরা এগুলো উদ্ধার করে। বিজিবির বাসুদেবপুর বিওপি ক্যাম্পের সুবেদার মো. শফিউর রহমান জানান, ক্যাম্পের বিজিবি সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর পেয়ে স্থানীয় নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই মাদকদ্রব্য উদ্ধার করে।
