ফণীতে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন করা হবে

আপডেট : ১১ মে ২০১৯, ২২:২৭

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ঘূর্ণিঝড় ফণীতে তেমন কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। সরকারিভাবে সব প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছিলাম। ফণী বড় ধরনের আঘাত হানলে বিশাল ক্ষতি হতে পারতো। কিন্তু আল্লাহর রহমতে, তেমন কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। আর টুকটাক যেসব এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসিত করা হবে।’

গতকাল শনিবার গণভবনে সমবেত আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নিজের চোখের চিকিত্সা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘চিকিত্সায় চোখ এখন ভালো হয়েছে। আগে ঝাপসা দেখতে পেতাম। ইনশাল্লাহ, এখন অনেক ভালো দেখতে পাচ্ছি।’ ১০ দিনের লন্ডন সফর শেষে গতকাল দেশে ফিরলে গণভবনে স্বাগত জানাতে উপস্থিত নেতাদের সামনে তিনি এই অভিব্যক্তি প্রকাশ করেন। পাশাপাশি ঘূর্ণিঝড় ফণীতে বড় ধরনের ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ায় শুকরিয়া আদায় করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবনে পৌঁছালে উপস্থিত নেতারা তাকে স্বাগত জানান এবং চোখের চিকিত্সাসহ কুশলাদি জানতে চান। এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত নেতাদের উল্লিখিত কথা বলেন। এছাড়া ফণী দুর্গত এলাকার খবর জানতে চান প্রধানমন্ত্রী। এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ফণীর আঘাতে উপকূলীয় কোন অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো অবহিত করেন।