দিনাজপুরে প্রেমিক যুগলের ট্রেনের নিচে আত্মহত্যা

আপডেট : ২৫ জুন ২০১৩, ২১:৪১
পরিবারের আপত্তির কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে না পেরে জেলায় প্রেমিক যুগল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। দিনাজপুর সদর থানার ওসি আব্দুস সামাদ জানান, বিরল উপজেলার ভবানীপুর গ্রামের পাশে গত রবিবার রাত সাড়ে ১০ টায় পঞ্চগড় থেকে দিনাজপুরগামী ট্রেন আসছিল। এ সময় রেল লাইনে প্রেমিক যুগল সুমন (২২) ও শিল্পী (১৬) ট্রেনের নিচে কাটা পড়ে দুইভাগ হয়ে মারা যান। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে। নিহত ২ জনের পারিবারিক সূত্রে জানা যায়, সদর উপজেলার গোপালগঞ্জ গ্রামের বাবু মিয়ার পুত্র সুমন ও দিনাজপুর শহরের পশ্চিম রামনগর মহল্লার একলাস হোসেনের কন্যা শিল্পীর সাথে দীর্ঘদিন ধরে মন দেয়া নেয়া চলছিল। কিন্তু উভয়ের পরিবার তাদের বিয়েতে সম্মতি না দেয়ায় তারা ২ জনই নিজ ইচ্ছায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।