পাকিস্তানের পার্ল কন্টিনেন্টাল হোটেলে সন্ত্রাসী হামলা

আপডেট : ১২ মে ২০১৯, ০১:০০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের অন্তর্গত শহর গোয়াদারের পাঁচ তারকা হোটেল পার্ল কন্টিনেন্টালে   হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় এক নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে বলে ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

আইএসপিআর বলছে, স্থানীয় সময় বিকাল পৌনে ৫টার দিকে তিন থেকে চারজন বন্দুকধারী হোটেলটিতে প্রবেশের চেষ্টা করে। এ সময় এক নিরাপত্তা রক্ষী তাদের বাধা দিলে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা হোটেলটির উপরের তলার সিড়িতে সন্ত্রাসীদের ঘিরে রেখেছে। হোটেলের অতিথিদের নিরাপদে বের করে আনা হয়েছে। পুলিশের কর্মকর্তাদের বরাত দিয়ে ডনের খবরে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সন্ত্রাসবিরোধী বাহিনী ও সেনারা কাজ করছেন। এখন ‘ক্লিয়ারেন্স’ অভিযান চলছে। গোলাগুলি চলছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল খান আলায়ানি এই সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন এবং হোটেলের অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

বেলুচিস্তানে স্বাধীনতার দাবিতে আন্দোলনরত জঙ্গি সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।