ক্লিনটন-মনিকা যৌন কেলেঙ্কারির ৩২টি আইটেম নিলামে

আপডেট : ২৫ জুন ২০১৩, ২২:৪৪
হোয়াইট হাউসের কর্মী মনিকা লিওনেস্কির সঙ্গে সম্পর্কে জড়িয়ে অভিসংশনের মুখোমুখি হতে হয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে। বহুল আলোচিত এই যৌন কেলেঙ্কারির ঘটনা তদন্তে ব্যবহূত ৩২টি জিনিস এবার নিলামে উঠেছে। অনলাইনে নিলাম পরিচালনাকারী লসএ্যাঞ্জেলেসের নেট ডি স্যান্ডার্স অকশনস গত সোমবার জানিয়েছে, এসব আইটেমেরনিলাম চলছে, শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। খবর এনবিসি নিউজের। নব্বইয়ের দশকে এ কেলেঙ্কারির ঘটনা তদন্ত করেন বিশেষ কৌঁসুলি কেনেথ স্টার। এ সময় তার কাছে ৩২টি জিনিস তুলে দেন মনিকার সাবেক প্রেমিক অ্যান্ডি ব্লেইলার। এর মধ্যে রয়েছে লেখা ক্লিনটনের স্বাক্ষর করা একটি চিঠি, মনিকার ছবি ও কার্ড, ব্লেইলারের স্ত্রী কেট নাসনকে দেয়া মনিকার উপহার (পোশাক) রয়েছে। এই কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে বিবাহিত ব্লেইলারের সঙ্গে মনিকার প্রেমের সম্পর্কটি বের হয়ে আসে। এই ৩২টি জিনিসের দাম নিলামে ২৫ থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে বলে আশা করছে নিলামকারী প্রতিষ্ঠানটি। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ যৌন কেলেঙ্কারির দায়ে ১৯৯৮ সালে বিল ক্লিনটনকে অভিশংসন করলেও সিনেট তাকে নির্দোষ ঘোষণা করে। এরপর তিনি ২০০১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় দফার মেয়াদ শেষ করেন।