কুমিল্লায় দুই মাসেও লাশের পরিচয় মেলেনি

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২১:৪৮

কুমিল্লায় উদ্ধার হওয়া এক ব্যক্তির লাশের পরিচয় দুই মাসেও মেলেনি। জেলার সদর দক্ষিণ উপজেলার হোসেনপুর এলাকার একটি বিলের (জলাশয়) মাঝখানে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় গত ১ অক্টোবর পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।  পুলিশ জানায়, গত ১ অক্টোবর সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের হোসেনপুর এলাকার একটি বিলের মাঝখানে পুকুরপাড়ে গাছের ডালে এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। বিকালে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণসহ থানায় অপমৃত্যুর মামলা করে। লাশের পরিচয় না পাওয়ায় আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ লাশ হিসেবে নগরীর টিক্কাচর কবরস্থানে দাফন করা হয়।

সদর দক্ষিণ মডেল থানার অধীন কোটবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আনোয়ার হোসেন জানান, অজ্ঞাত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩৫-৪০ বছর। তার পড়নের লুঙ্গি দিয়ে গাছের ডালে গলায় প্যাঁচানো ও ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ওই ব্যক্তির পরিচয় জানলে ০১৭১৩-৩৭৩৭০০ (ওসি) ও ০১৭১৬-১৯৬২৯৫ (এসআই) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।