সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের ইন্টার্ন ডাক্তারকে ছাত্রলীগ নেতার অশালীন আচরণের প্রতিবাদে সিলেটের সকল মেডিক্যাল কলেজের ইন্টার্ন ডাক্তাররা গতকাল শনিবার ক্ষোভে ফেটে পড়েন। তারা নিজ নিজ ক্যাম্পাসে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে। এসময় তারা ডাক্তারদের জন্য নিরাপদ কর্মস্থল, ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তি ও উইমেন্স মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে এ ঘটনায় মামলা দায়েরের দাবি জানান।
সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের ইন্টার্ন ডাক্তারদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে কর্মবিরতি পালন করেন- ওসমানী মেডিক্যাল কলেজ, নর্থইস্ট মেডিক্যাল কলেজ, রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ ও পার্ক ভিউ মেডিক্যাল কলেজের ইন্টার্ন ডাক্তাররা। তবে হাসপাতালগুলোতে কর্মবিরতি চললেও ইমার্জেন্সি সেবা চালু আছে।
এদিকে, ইন্টার্ন ডাক্তারকে গালিগালাজ ও লাশ ফেলে দেওয়ার হুমকির অভিযোগে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে জিডি করা হয়েছে। গতকাল দুপুরে উইমেন্স মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ কোতোয়ালী থানায় এ জিডি দায়ের করেছেন। মেডিক্যাল কলেজের রেজিস্ট্রার ইশফাক জামান বলেন, পুলিশ কর্মকর্তারা বলেছেন, ঘটনার তদন্তদ করে সত্যতা পেলে জিডি মামলা হিসেবে গৃহিত হবে।
