এবার ব্যবস্থা হচ্ছে এসপি ও এডিএমের বিরুদ্ধে

আপডেট : ১১ মে ২০১৯, ২২:৩০

মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এবার ব্যবস্থা নেওয়া হচ্ছে ফেনীর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার ও এডিএম (অতিরিক্ত জেলা প্রশাসক)  পিকেএম এনামুল করিমের বিরুদ্ধে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দফতর।

 অপর দিকে গতকাল সোনাগাজীর থানার সাব-ইন্সপেক্টর এস আই আবু ইউসুফ ও সাব-ইন্সপেক্টর  ইকবাল আহম্মেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।  এ নিয়ে অভিযুক্ত চার পুলিশ কর্মকর্তার মধ্যে তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এর আগে গত ৮ এপ্রিল সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে  সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে। এদিকে তাকে  রংপুর রেঞ্জের ডিআইজি অফিসে সংযুক্ত করার প্রতিবাদে গতকাল বিক্ষোভ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তবে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য জানিয়েছেন, গতকাল পর্যন্ত সোনাগাজীর থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন তার দফতরে যোগদান করেননি।

তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নের ব্যাপারে মহাপুলিশ   পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ইত্তেফাককে বলেন, ‘কারো বিরুদ্ধে প্রসেডিং করতে হলে একটা নিয়ম কানুন আছে। এ জন্য একটু সময় লাগছে। এসপিকে ধরেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। তার (এসপি)  বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে  সে ব্যাপারে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ব্যাখ্যার জবাব দেওয়ার পরই আমরা তা পাঠিয়ে দেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই তার বিরুদ্ধে শাস্তিমূলব ব্যবস্থা নেবে। ’

অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এসপিকে প্রত্যাহারও আমি করতে পারি না। এটিও করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এর জন্য আমরা ইতোমধ্যে চিঠি পাঠিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আইজিপি বলেন, খুব দ্রুতই এসপিকে প্রত্যাহার করা হবে। 

 তিনি বলেন, যেই অভিযুক্ত হোক না কেন, আমি তাকে ছাড়ব না। এডিএমের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে পারবে না,  স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

আইজিপি বলেন, আমি যেটা করতে পেরেছি তার মধ্যে ওসিকে  আমি সঙ্গে সঙ্গে  প্রত্যাহার করেছি। দুই সাব-ইন্সপেক্টরের ব্যাপারে ডিআইজিকে নির্দেশ দিয়েছি। প্রত্যেকটি করতে হবে জুরিডিকশন অনুযায়ী। আমি করলে এটি হবে বেআইনি।  তিনি বলেন, এসপিকে প্রত্যাহার করে নিয়ে আসার পর তাকে কোনো এক জায়গায় সংযুক্ত করা হবে।

তদন্ত কমিটির সুপারিশ

নুসরাত হত্যা ঘটনায় পুলিশের গাফিলতি তদন্তে গঠিত কমিটি ফেনীর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, ফেনীর এডিএম পিকেএম এনামুল করিম ও সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন, এসআই ইকবাল হোসেন ও এসআই ইউসুফের গাফিলতির কথা উল্লেখ করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে। এর মধ্যে ফেনীর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারকে বদলি এবং বিভাগীয় ব্যবস্থা, ওসি মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড এবং বিভাগীয় ব্যবস্থা, এসআই ইউসুফকে বদলি ও বিভাগীয় ব্যবস্থা এবং এসআই ইকবালকে সাসপেন্ড এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক পিকেএম এনামুল করিমের বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।

অভিযুক্ত দুই সাব-ইন্সপেক্টর সাসপেন্ড

তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী গতকাল সোনাগাজী থানার সাব-ইন্সপেক্টর  আবু ইউসুফকে খুলনা রেঞ্জ অফিসে এবং সাব-ইন্সপেক্টর ইকবাল আহম্মেদকে  খাগড়াছড়ি পার্বত্য জেলায় সংযুক্ত করা হয়েছে।

সংযুক্তির ব্যাপারে পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা বলেন, সংযুক্তি কোনো বদলি নয়। সংযুক্তিকালে তাদেরকে কোনো দায়িত্ব প্রদান করা হয় না। সাসপেন্ড অবস্থায় তারা শুধুমাত্র খোরাকি ভাতা পাবেন। তিনি বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুয়ারী অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর বিভাগীয় ব্যবস্থা নিতে গেলেতো তাকে কোনো একটা জায়গায় রাখতে হবে।

ওসি মোয়াজ্জেমকে রংপুরে ডিআইজি অফিসে

সংযুক্তির প্রতিবাদে বিক্ষোভ

রংপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুর ডিআইজি অফিসে সংযুক্ত করার প্রতিবাদে রংপুর রেঞ্জ ডিআইজি অফিস ঘেরাও ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

গতকাল শনিবার দুপুরে নগরীর লালবাগ মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে তারা এই ঘোষণা দেন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ওসি মোয়াজ্জেমের রংপুর রেঞ্জে সংযুক্তির আদেশ প্রত্যাহার করা না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রংপুর রেঞ্জ ডিআইজিসহ প্রশাসনকে স্মারকলিপি প্রদান ও টানা আন্দোলনের হুমকি দেন তারা। প্রতিবাদ সমাবেশে ওসি মোয়াজ্জেমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করে জুতা ও স্যান্ডেল প্রদর্শন করে শিক্ষার্থীরা। পরে লালবাগ চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।