হংকংয়ের পার্লামেন্টে চীনপন্থি ও গণতন্ত্রপন্থি দুই পক্ষের এমপিদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সন্দেহভাজন আসামিকে বিচারের জন্য চীনে পাঠানোর বিষয়ে একটি আইন পাসের প্রস্তাব নিয়ে শনিবার এ মারামারির ঘটনা ঘটে। খবর বিবিসি’র
কয়েকজন এমপি আহত হয়েছেন এবং একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। হংকংয়ের কোনো বাসিন্দার নামে চীনের মূল ভূখণ্ড, ম্যাকাউ কিংবা তাইওয়ানে মামলা হলে সন্দেহভাজন ওই অপরাধীকে প্রয়োজনে সেসব স্থানে পাঠানোর বিধান রেখে একটি আইনের সংশোধনী প্রস্তাব নিয়ে মারামারিতে জড়ান এমপিরা। গণতন্ত্রপন্থিদের ধারণা, আইনের পরিবর্তনের মাধ্যমে হংকংয়ের নাগরিকদের চীনের কাছে সহজেই তুলে দেওয়া যাবে বলেও মনে করা হচ্ছে। হংকংয়ের চীনপন্থিরা বলছেন, বেইজিংর কাছে স্বাধীনতা বিকিয়ে দিতে নয়, ছুটিতে তাইওয়ান গিয়ে গর্ভবতী বান্ধবীকে খুন করে বাড়ি ফিরে আসা এক বাসিন্দাকে তাইপের কাছে হস্তান্তরের জন্যই তারা এ ধরনের সংশোধনী আনতে চাইছেন। গত মাসে এই আইন পাসের প্রতিবাদে ২০১৪ সালের হলুদ ছাতা আন্দেলনের পর সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে।
