পোশাক শিল্পে রয়েছে কাজের সুযোগ

আপডেট : ২৬ জুন ২০১৩, ২০:৫৮
সময়ের সাথে পরিবর্তন এসেছে মানুষের চাহিদা ও রুচিতে। পরিবর্তন এসেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে। পোশাক-পরিচ্ছদেও এসেছে নতুনত্বের ছোঁয়া। পোশাকে পরিবর্তন নিয়েই কাজ করে যাচ্ছেন ফ্যাশন ডিজাইনাররা। আর দক্ষ ফ্যাশন ডিজাইনার তৈরি করতেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিজিএমআই)। গার্মেন্টস সেক্টর থেকে বাংলাদেশ প্রতিবছর প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এমন একটি সেক্টরে সফলভাবে ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বিজিএমআই। অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন মেকিং, ওয়ার্ক স্টাডি, সোস্যাল কমপ্লায়েন্সসহ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সগুলোর উপর ১ বছর মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয় এখানে। ৬ মাসের কোর্স সম্পন্ন করতে ১২,৫০০ ও এক বছরের কোর্স সম্পন্ন করতে ৫০ হাজার টাকা খরচ হবে। ০১৯১১৫৬২৬৭৭ , ৮৯২১২৯৫ নম্বরে ফোন করে এসব কোর্সের খরচ এবং অন্যান্য তথ্যের বিস্তারিত জেনে নিতে পারবেন। পোশাক তৈরির ক্ষেত্রে তন্তু থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়ের রঙ, ছাপা ও ধৌতকরণ, আন্তর্জতিক বাজারের চাহিদা অনুযায়ী রুচিসম্মত পোশাক তৈরি, বায়ার ডিলিংস, কস্টিং কনজাম্পশন ইত্যদি সম্পর্কে শিক্ষা দেওয়া হয় এসব কোর্সে। কেবল প্রশিক্ষণই নয়, চাকরির বাজারের উপযোগী করেই গড়ে তোলা হয় এখানকার শিক্ষার্থীদের। বিজিএমআই প্রফেশনাল কোর্সে শুধু গার্মেন্টস বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে ফ্যাশন ডিজাইনে ইন্ট্রোডাকশন টু ফ্যাশন, ইলেমেন্টস অব ডিজাইন, টেক্সটাইল, বডিস অ্যান্ড ভেরিয়েশন্স, প্রোডাক্ট অ্যান্ড আরএমজি ইন্ডাস্ট্রিজ, প্রোডাকশন টার্মিনোলজি, টেক্সাইল টার্মিনোলজি প্রভৃতি। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞরাই প্রশিক্ষণ প্রদান করে থাকেন। প্রশিক্ষণের পর গার্মেন্টস সেক্টরে, বুটিক হাউজগুলোতে চাকরিসহ নিজ উদ্যোগে ব্যবসাও পরিচালনা করা যায়। এখানকার শিক্ষার্থীরা যাতে পোশাক শিল্পে পড়ালেখা করতে উত্সাহিত হয়, সেদিকেই মূল দৃষ্টি এই প্রতিষ্ঠানটির—এমনই বললেন বিজিএমআই’র সিইও মো. মোনায়েম ভূঁইয়া। বাংলাদেশের পোশাক শিল্পকে আরও সমৃদ্ধ করতে এই প্রতিষ্ঠানটি কাজ করে যাবে বলেই জানালেন তিনি। যোগাযোগ :বিজিএমআই, বাড়ি-০৪, রোড-১২, সেক্টর-৬,উত্তরা, ঢাকা।