চিকিত্সক না থাকায় নার্স দিল ইনজেকশন, মারা গেল রোগী

আপডেট : ১১ মে ২০১৯, ২২:৩৫

লক্ষ্মীপুরে আধুনিক হাসপাতালে ভুল চিকিত্সায় রেজিয়া বেগম নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ ওঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা হাসপাতালে ভাঙচুর করেছে। শনিবার সকালে শহরের রামগতি রোডস্থ ঐ হাসপাতালে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালের লোকজন পালিয়ে গেছে। নিহত রেজিয়া বেগম পশ্চিম লক্ষ্মীপুরের দালাল বাজার এলাকার আব্দুল হাইয়ের স্ত্রী।

নিহতের স্বজন আনোয়ার হোসেন জানান, রাত ২টার দিকে হাত ভাঙা নিয়ে রেজিয়া বেগমকে শহরের আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় হাসপাতালে কোনো চিকিত্সক ছিল না। এক পর্যায়ে রোগীর অবস্থা খারাপ দেখে হাসপাতালের নার্সরা তার হাতে কয়েকটি ইনজেকশন পুশ করেন। মুহূর্তেই ছটফট করে মারা যান রেজিয়া বেগম।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।