আখাউড়ায় বাবা-ছেলে প্রতিপক্ষের হামলায় নিহত, আহত ৮

আপডেট : ২৬ জুন ২০১৩, ২২:২০
জেলার আখাউড়ায় বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গত মঙ্গলবার রাতে বাবা গোলাপ খান (৯০) ও ছেলে ইসমাইল খান (১৮) নিহত হয়েছেন। উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন। পুলিশ ২ জনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের পাশের বাড়ির তাজু মাস্টারের সাথে ৩ হাত বাড়ির জায়গা নিয়ে নিহত গোলাপ খানের দীর্ঘদিন বিরোধ চলছিল। এ নিয়ে গত মঙ্গলবার রাতে ওই গ্রামের একটি মার্কেটের সামনে বিরোধ সমাধানের জন্য বৈঠক বসে। বৈঠক চলাকালে গোলাপের এক ছেলে মজিবুর খাঁর সাথে তাজু মাস্টারের লোকজনের সাথে সংঘর্ষ হয়। বৈঠক শেষে বাড়িতে ফেরার পথে আবার গোলাপ খানের লোকজনের ওপর ফের হামলা চালায় তাজু মাস্টারের লোকজন। এতে গোলাপ ও তার ছেলে মজিবুর ও ইসমাইলসহ মোট ১০ জন আহত হন। পরে ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত আড়াইটায় বাবা গোলাপ খান ও ছেলে ইসমাইল খান মারা যান। এ ঘটনায় পুলিশ প্রতিপক্ষের মজিবুর রহমান ভুঁইয়া (৮০) ও স্বপ্ন আক্তার কে (২৫) আটক করেছে। হামলাকারীরা ঘটনার দিন রাতে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। ধরখার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহেদ মিয়া বলেন, বৈঠক শেষে সংঘর্ষ হওয়ায় জমি বিরোধের মীমাংসা হয়নি। আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।