মধ্যপ্রাচ্যগামী রুটে বিমানের ফ্লাইট বৃদ্ধি করুন

আপডেট : ১২ মে ২০১৯, ০০:৩৪

ওমরাহ যাত্রীদের সংকট সমাধানে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর পক্ষ থেকে দু’টি প্রস্তাব তুলে ধরা হয়। এর একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেসব রুটে যাত্রী সংখ্যা কম ও অলাভজনক অবস্থা, সেসব রুটের ফ্লাইট কমিয়ে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-রিয়াদ-ঢাকাসহ মধ্যপ্রাচ্যগামী অন্যান্য রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা। এছাড়া বিদেশি এয়ারলাইন্সগুলোকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার সহজ সুযোগ দেওয়ার জন্য ওপেন স্কাই করা এবং তাদের উত্সাহী করার জন্য হ্যান্ডেলিং, ল্যান্ডিং, পাকিংসহ অন্যান্য চার্জ কমানো বা মওকুফ করা যেতে পারে।

গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এ কথা জানান। তিনি হজে যাওয়ার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের কাছে টাকা না দেওয়ার জন্য হজ গমনেচ্ছুদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হজযাত্রীদের বিড়ম্বনায় পড়ার প্রধান কারণ মধ্যস্বত্বভোগী। হজযাত্রীরা দয়া করে মধ্যস্বত্বভোগী ও দালালদের কাছে টাকা দেবেন না। শুধুমাত্র সরকার অনুমোদিত হজ এজেন্সিগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হবেন। হজ এজেন্সিগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর কেউ কোনো বিড়ম্বনায় পড়লে সেটার ব্যবস্থা নেওয়া হবে।

৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু

এবছরের হজযাত্রীদের নিয়ে হজ ফ্লাইট শুরু হবে আগামী ৪ জুলাই। ওইদিন ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে প্রথম হজ ফ্লাইট। চলবে পাঁচ আগস্ট পর্যন্ত। আর সৌদি আরবের জেদ্দা বিমান বন্দর থেকে হজযাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট থেকে। হজ ফ্লাইট শেষ হবে ১৪ সেপ্টেম্বর।