শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা ও দীর্ঘ সময় ধরে কাজ করানোর অপরাধে নিউজিল্যান্ডে এক বাংলাদেশি দম্পতিকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। নিউজিল্যান্ড হেরাল্ডের এক খবরে বলা হয়েছে, বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে গিয়ে পাসপোর্ট আটকে রাখা, মিথ্যা তথ্য দেওয়া, মজুরি থেকে বঞ্চিত করাসহ নিউজিল্যান্ডের শ্রম আইন লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে এই দম্পতির বিরুদ্ধে। আদালত ব্যবসায়ী মোহাম্মদ আতিকুল ইসলামকে সাড়ে চার বছর ও তার স্ত্রী নাফিসা আহমদকে আড়াই বছর কারাদণ্ড দিয়েছেন। দণ্ডিত দুইজনই নিউজিল্যান্ডের নাগরিক।
দেশটির গণমাধ্যমগুলো বলছে, নিউজিল্যান্ডে অভিবাসন ও শ্রম আইন সংক্রান্ত অপরাধ খুবই বিরল। দেশটির ইতিহাসে হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে বিচার হয়েছে। এই দম্পতির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত আদালতে তা প্রমাণিত হয়নি। আতিকুল ও নাফিসা দম্পতি অকল্যান্ডের রয়্যাল সুইটস ক্যাফে নামের একটি প্রতিষ্ঠান চালাতেন।
অভিযোগকারীরা জানান, বাংলাদেশের একটি দৈনিক পত্রিকায় প্রবাসী শ্রমিক নিয়োগের বিজ্ঞাপন দেখে তারা প্রলুব্ধ হয়েছিলেন। কিন্তু নিউজিল্যান্ডে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। এরপর প্রায় দুই বছর স্বল্প বেতনে কাজ করানো হয়। ঘণ্টায় ছয় ডলার মজুরি দেওয়ার কথা থাকলেও তারা তা পাননি। অতিরিক্ত কাজের চাপে তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।
