রানের পাহাড় গড়েও হারলো আয়ারল্যান্ড

আপডেট : ১২ মে ২০১৯, ০০:৩৬

স্পোর্টস রিপোর্টার

এবার বিশ্বকাপে যে রানের বন্যা বইয়ে যাবে, তার ইঙ্গিত এখনই মিলতে শুরু করেছে। যুক্তরাজ্যের বিভিন্ন দেশে যে ম্যাচগুলো চলছে, সেখানে চলছে রান উত্সব।

আয়ারল্যান্ডে চলমান টুর্নামেন্টের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বরেকর্ড করে জিতেছিলো। গতকাল সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই আগে ব্যাট করে ৩২৭ রানের বিশাল স্কোর করলো আয়ারল্যান্ড। কিন্তু এই স্কোরও নিরাপদ হলো না। ওয়েস্ট ইন্ডিজ ১৩ বল বাকী থাকতেই ৫ উইকেটে জিতে নিলো এই ম্যাচ।

আগে ব্যাট করা আয়ারল্যান্ড মাত্র দলীয় ১৯ রানেই হারিয়েছিলো ম্যাককলামের উইকেট। এরপর ১৪৬ রানের জুটি করে ব্যালব্রাইন ও পল স্টার্লিং। স্টার্লিং ৭৭ রান করে ফিরে আসেন। কিন্তু ব্যালব্রাইনের ব্যাট চলেছে। তিনি শেষ অবধি ১২৪ বলে ১৩৫ রানের বিশাল এক ইনিংস খেলেন। অন্য দিকে কেভিন ও’ব্রায়েন ৪০ বলে করেন ৬৩ রান। সবমিলিয়ে ৫ উইকেটে ৩২৭ রান তোলে আইরিশরা।

জবাবে উদ্বোধনী জুটিতেই ১২.৪ ওভারে ৮৪ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। মেকশিফট ওপেনার অ্যাম্ব্রিস ১৪৮ রানের ইনিংস খেলেন। তিনিই জয়ের পথ দেখিয়ে গিয়েছিলেন। এরপর রোস্টন চেস ৪৬ এবং কার্টার অপরাজিত ৪৩ রান করে জয় নিশ্চিত করে ফেলেন।