আইএস জঙ্গি মুতাজ দুই দিনের রিমান্ডে

আপডেট : ১২ মে ২০১৯, ০০:৩৭

বিশেষ প্রতিনিধি

সিরিয়া ফেরত ‘আইএস জঙ্গি’ মুতাজ আবদুল মজিদ ওরফে কফিল উদ্দিন বেপারি ওরফে মুতাজকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে নিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গতকাল শনিবার সিটিটিসির কর্মকর্তারা মুতাজকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন  সিটিটিসির সহকারী কমিশনার অহিদুজ্জামান নূর।

তিনি জানান, মুতাজকে প্রথম দফায় চার দিনের রিমান্ডে অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছে। সে কেন সিরিয়ায় গিয়েছিল, সেখানে কার কার সঙ্গে যোগাযোগ হয়েছে এবং বাংলাদেশের কাদের সঙ্গে সে যোগাযোগ করেছে এসব বিষয়ে জানার চেষ্টা চলছে। এসব প্রশ্নের জবাবে সে একেক সময় একেক রকম তথ্য দিয়েছে। এজন্য তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ মে রাজধানীর উত্তরা এলাকা থেকে মুতাজকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। সে চলতি বছরের ১ ফেব্রুয়ারি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।