কনফেডারেশন কাপের সেমিফাইনালকে কেন্দ করে গত বুধবার ব্রাজিলের বেলো হোরিজোন্টাইল শহরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এদিকে, অব্যাহত গণবিক্ষোভের মুখে মঙ্গলবার সংবিধানের বিতর্কিত একটি সংশোধনী বাতিল করতে বাধ্য হয়েছে ব্রাজিলের পার্লামেন্ট। গত কয়েকদিন ধরে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের অন্যতম কারণ ছিল এই সংশোধনী।
প্রস্তাবিত সংশোধনীতে অপরাধ তদন্তে সরকারি কৌঁসুলিদের ক্ষমতা কমানোয় এটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এতে দেশে দুর্নীতির সুযোগ আরো বাড়বে দাবি করে প্রস্তাবিত ‘পিইসি ৩৭’ সংশোধনীর বিরুদ্ধে রাস্তায় নামে জনগণ। দেশটির কংগ্রেসে গত মঙ্গলবার বিতর্কিত সংশোধনীটি ৪৩০-৯ ভোটে বাতিল হয়ে যায়। ব্রাজিলে নতুন করে অবিষ্কার হওয়া তেলক্ষেত্র থেকে উপার্জিত সব অর্থ শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যয় করার পক্ষেও ভোট দেন কংগ্রেসের সদস্যরা। দেশটির উপকূলীয় অঞ্চলে সম্প্রতি সন্ধান পাওয়া তেলের খনি থেকে ব্যাপক পরিমাণে অপরিশোধিত জ্বালানি তেল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, বেলো হোরিজোন্টাইল শহরের একটি স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিল ও উরুগুয়ের মধ্যে কনফেডারেশন ফুটবল কাপের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় গত বুধবার। চলমান আাান্দোলনের অংশ হিসাবে বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতিতে বিশাল ব্যয়ের প্রতিবাদে আগেই এদিন মিছিলের ঘোষণা দিয়েছিল বিক্ষোভকারীরা। এ জন্য পুলিশ স্টেডিয়ামটির দুই কিলোমিটার দূরে চারপাশ ঘিরে একটি ব্যারিকেড তৈরি করে। এছাড়া, স্টেডিয়ামের এক কিলোমিটার দূরে মাউন্টেন পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর দাঙ্গা দমন ইউনিট মোতায়েন ছিল। বিভিন্ন সূত্রে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্টেডিয়ামে পাঁচ হাজার পুলিশ এবং ১৫শ’ সেনা সদস্য মোতায়েন করা হয়েছিল।
বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করলে পুলিশ তাদের উপর টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এর আগে বেলো হোরিজোন্টাল শহরের কেন্দে প্রায় ৫০ হাজার বিক্ষোভকারী মিছিল করে। মিছিলে অংশগ্রহণকারী ১৯ বছর বয়সী এক বিক্ষোভকারী বলেন, ‘আমাদের বিশ্বকাপ প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন শিক্ষা, আমাদের প্রয়োজন আরো ভালো স্বাস্থ্যসেবা এবং মানবিক পুলিশ। ’
