বাশারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সৌদি আরবের আহ্বান

আপডেট : ২৭ জুন ২০১৩, ২১:০২
সৌদি আরব সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের অবসানে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে বলেছে, দেশটির গৃহযুদ্ধ গণহত্যার রূপ নিয়েছে। এদিকে দামেস্কে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। খবর এএফপি’র। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ জানায়, মঙ্গলবার সেনাবাহিনী বিদ্রোহীদের দমনে রাজধানী জুড়ে ব্যাপক অভিযান চালায়। এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো নগরীতে বিদ্রোহীরা সরকার নিয়ন্ত্রিত এ নগরীর পশ্চিমাঞ্চলে অগ্রসরের চেষ্টা চালালে সেখানে সরকারি বাহিনীর সাথে তাদের ব্যাপক যুদ্ধ বেঁধে যায়। পর্যবেক্ষণ সংস্থার পরিচালক রামি আব্দেল রহমান বলেন,“আসাদ সরকারের অনুগত বাহিনী কাবুন, বার্জাহ, জুবার, আল-হাজর আল-আসওয়াদ ও ইয়ারমুক দখলের চেষ্টা চালাচ্ছে।” তিনি বলেন, বিদ্রোহীরা এসব এলাকায় সেনাবাহিনীর বিরুদ্ধে তুমুল প্রতিরোধ গড়ে তোলায় সেখানে মানবাধিকার পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। কেরি আঞ্চলিক সফরের অংশ হিসেবে সৌদি আরবের নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেন।