এই পার্লামেন্টে কে গেলো, কে গেলো না তা কোনো বিষয় না :নোমান

আপডেট : ১২ মে ২০১৯, ০০:৩৮

ইত্তেফাক রিপোর্ট

বর্তমান পার্লামেন্ট জনগণের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সুতরাং এই পার্লামেন্টে কে গেল কে গেল না এটা বড় বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল­াহ আল নোমান। তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরে গণতন্ত্র অনুপস্থিত। এই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বুলেটের চেয়ে শক্তিশালী ব্যালটের একটি সুযোগ হয়েছিল গত ডিসেম্বরের ৩০ তারিখে। কিন্তু সেই সুযোগ আওয়ামী সন্ত্রাসীর পেশি শক্তির কাছে পরাজিত হয়েছে। ৩০ তারিখের ভোট ২৯ তারিখে হয়েছে। সুতরাং এই পার্লামেন্টে কে গেল কে গেল না এটা আমার কাছে বড় বিষয় নয়। দেশে যে জাতীয় সমস্যা চলছে সেই সমস্যা বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই সমাধান হবে।

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত মজুলম জননেতা মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গড়ে ওঠা ঐক্যফ্রন্ট প্রসঙ্গে নোমান বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট আমাদের রাজনীতির বিরাট একটি অর্জন। জাতির প্রয়োজনে এটি গঠিত হয়েছে। অন্য দলগুলোকে যোগ করে ঐক্যফ্রন্টকে আরো বেশি সমৃদ্ধ করতে হবে।

সংগঠনের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্ল­াহ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক জসিম উদ্দীন আহমেদ, মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য দেন