ব্যায়াম আর বিশ্রামে ওবায়দুল কাদেরের সময় কাটছে

আপডেট : ১২ মে ২০১৯, ০০:৩৯

ইত্তেফাক রিপোর্ট

সিঙ্গাপুরে চিকিত্সাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চিকিত্সকের পরামর্শে নিয়মিত ব্যায়াম আর বিশ্রাম করে সময় কাটাচ্ছেন। ঈদের আগেই তিনি দেশে ফিরতে চান। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেই দেশে ফেরার তারিখ নির্ধারণ করবেন ওবায়দুল কাদের। সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বলেন, ‘ওবায়দুল কাদের এখন অনেকটা সুস্থ। শারীরিক সুস্থতা ফিরে পাওয়ার জন্য উনি জিমে যাচ্ছেন, সাইকেল চালাচ্ছেন, কখনো হাঁটছেন।’

শুক্রবার সিঙ্গাপুরে একটি জিমে সাইক্লিং করতে দেখা যায় ওবায়দুল কাদেরকে। তার নিকটস্থ কেউ এর ভিডিও ধারণ করেন। পরে সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ সেই ভিডিও পেয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড শেয়ার দিয়ে লিখেছেন, ‘আজ বিকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী স্যার’। শেখ ওয়ালিদ ফয়েজ বলেন, ‘স্যার (ওবায়দুল কাদের) দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, সুস্থ হয়ে বিগত বছরগুলোর মতো এবারও ঈদে যেন ঘরমুখো যাত্রীদের খোঁজখবর নিতে পারেন এবং ঈদকে সামনে রেখে রাজধানীর বাস টার্মিনালগুলো পরিদর্শন করতে পারেন।’

গত ৩ মার্চ হঠাত্ অসুস্থ হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। তাত্ক্ষণিক ব্যবস্থা নিয়ে বিএসএমএমইউ-এর চিকিত্সকরা তার জীবন বাঁচান। পরে উন্নত চিকিত্সার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুরে নেওয়া হয়। ২০ মার্চ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা হয়। গত ৫ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরেই অবস্থান করছেন। সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ইসরাতুন্নেসা কাদেরসহ ঘনিষ্ঠ কয়েকজন।