স্পোর্টস রিপোর্টার
প্রথম বারের মতো আয়োজিত মেয়েদের আইপিএলে বাংলাদেশের জাহানারা আলমের ডাক পাওয়াটাই বড় খবর ছিলো। এরপর গত ম্যাচে খেলতে নেমেও তেমন কিছু করতে পারেননি। অবশেষে গতকাল স্বরূপে ফিরলেন বাংলাদেশের এই মেয়েদের সেরা বোলার।
৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে নিজের দল ভেলোসিটিতে দারুণ এক জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দলের বাকী বোলাররা তার সাথে তাল মেলাতে না পারায় হেরে গেলো ভেলোসিটি। তুমুল উত্তেজনার ম্যাচ সুপারনোভাস জিতে নিয়েছে ৪ উইকেটে।
আগে ব্যাট করে জাহানারাদের দল ভেলোসিটি। সুষ্মা বার্মার অপরাজিত ৪০ রানে ভর করে ৬ উইকেটে ১২১ রান তোলে তারা। জবাব দিতে নেমে শুরুতে এক উইকেট হারায় সুপারনোভাস। এরপর হারমানপ্রীত কাউরের ব্যাটে দারুণ ছিলো তাদের ইনিংস। কিন্তু জাহানারা এসে পরিস্থিতি বদলে দেন। পরপর দুই ওভারে তুলে নেন শেইভার ও ডিভাইনের মূল্যবান দুই উইকেট। তারপরও খেলা শেষ ওভারে যায়। শেষ বলে চার মেরে জয় পায় সুপারনোভাস।
