রহস্যজনক বিস্ফোরণে একই পরিবারের তিন জনের মৃত্যু

আপডেট : ২৭ জুন ২০১৩, ২৩:০৬
রাজধানীর রামপুরায় গতকাল সকালে রহস্যজনক বিস্ফোরণে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সিরাজ উল্লাহ (৫৫), তার স্ত্রী কানিজ ফাতেমা কলি (৪০) ও বড় ছেলে রাশেদুল হাসান সিফাত (২৫)। সিরাজ উল্লাহ প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক পদ থেকে অবসর নিয়ে জাইকায় সাপোর্ট প্রোগ্রাম-২ প্রাথমিক শিক্ষা শাখার পরামর্শক হিসাবে কর্মরত ছিলেন। তাদের বড় ছেলে রাশেদুল হাসান সিফাত আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হসাপাতালের বার্ন ইউনিটে ভর্তি করার পর রাতে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গতকাল ভোর রাতে রিয়াজবাগের ১৩৯৮/বি/৩ নম্বর ৭ তলা অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর ঐ ফ্ল্যাটে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই গৃহবধূ কানিজ ফাতেমা ওরফে কলি (৪০) অগ্নিদগ্ধ হয়ে মারা যান। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টায় তার স্বামী সিরাজ উল্লাহ (৪৫) মারা যান। তাদের ছেলে রাশেদুল হাসান চৌধুরী ওরফে রিফাতের শরীরের ৮২ ভাগ পুড়ে যায়। রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে সিফাতকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। রামপুরা থানার ওসি (তদন্ত) ওয়াহিদুজ্জামান বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তা ছড়িয়ে দুটি রুম ভস্মীভূত করেছে। এতে একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। সিরাজ উল্লাহ’র প্রাইভেটকার চালক জসিম উদ্দিন। স্ত্রী চম্পাকে নিয়ে তিনি ঐ অ্যাপার্টমেন্টের পাশে একটি টিনশেডে ভাড়া থাকেন। চম্পা বলেন, ভোর রাতে বোমা বিস্ফোরণের মত শব্দ শোনার পর বাসায় গিয়ে দেখতে পান মেঝের কার্পেট পুড়ে গেছে। সিলিং ফ্যান বেঁকে গেছে। ভস্মীভূত আসবাবপত্র থেকে ধোঁয়া বের হচ্ছিল। ওই সময় বাঁচাও বাঁচাও বলে চিত্কার করছিলেন তার স্যার। এ সময় আশপাশের লোকজন অগ্নিদগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরের সিলিং ফ্যানে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে যায়।