ইত্তেফাক ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস(এএনসি)। গতকাল শনিবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৫৭ দশমিক ৭ ভাগ আসনে জয় পেয়েছে এএনসি। ৪০০ আসনের পার্লামেন্টে এএনসি ২৩০ আসন, বিরোধী ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স ৮৪ এবং বামপন্থি ইকোনোমিক ফ্রিডম ফাইটারস পেয়েছে ৪৪ আসন। ফলে এএনসিই ফের সরকার গঠন করতে যাচ্ছে এবং সিরিল রামাফোসা আরো ৫ বছরের জন্য প্রেসিডেন্ট হচ্ছেন। গতবারের নির্বাচনে এএনসি ২৪৯, ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স ৮৯ এবং ইকোনোমিক ফ্রিডম ফাইটারস পেয়েছিল ১৯ টি আসন। -রয়টার্স
