ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ উপজেলার ভুঁইয়ারদীঘি নামক স্থানে সড়ক ও জনপথ বিভাগের সড়কে একটি ইউটার্ন মোড়ের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। প্রতিমাসে ওই বাঁকে ছোট-বড় ৮/১০টি সড়ক দুর্ঘটনা ঘটছে। ওই বাঁকের নির্দিষ্টকরণে নেই কোন সতর্ক সংকেত বা সাংকেতিক চিহ্ন।
সরেজমিনে জানা যায়, ফেনী-নোয়াখালী এ মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এ সড়কটি দিয়ে প্রতিদিনি অত্র অঞ্চলের হাজার হাজার বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে। খুবই গুরুত্বপূর্ণ এ সড়কটির মধ্যে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ভুঁইয়ারদীঘি নামক এলাকায় ফেনী-নোয়াখালী মহাসড়কের উপর ইউটার্ন আকারের একটি মোড় রয়েছে। সবুজ গাছে ঘেরা এ বাঁকের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কিছুই দেখা যায় না। তাছাড়া দ্রুত গতিতে চলাচলকারী গাড়িগুলোর চালকরা মোড়টিতে পৌঁছলে প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ঘটছে মুখোমুখি দুর্ঘটনা।
উক্ত সড়কে চলাচলকারী আল আমিন পরিবহনের চালক আহমদ উল্যাহ অভিযোগ করে বলেন, সড়ক ও জনপথ বিভাগ থেকে মোড়টি সম্পর্কে কোনরকম সতর্ক চিহ্ন বা সাইনবোর্ড নেই। এ কারণে এ সড়কে ইউটার্ন মোড়টিতে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। তাই মোড়টিকে সোজা করে বিকল্প সড়ক নির্মাণ করলে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।
