দিনাজপুরের ফুলবাড়ীতে রেলওয়ে বিভাগের ভূমি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বহীনতায় অবৈধ দখলদারের হাতে রেলের কোটি কোটি টাকার জমি। সরকার রাজস্ব হারাচ্ছে লাখ লাখ টাকা। ভূমি অফিসের তথ্য অনুযায়ী ফুলবাড়ীতে রেলের ভূমির পরিমাণ প্রায় ১শ’ ৫০ একর। তার মধ্যে ১শ’ ৩৫ একর জমি এখন অবৈধ দখলদারদের হাতে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, স্বজনপুকুর, কনাহার, বারোকোনা, উত্তর লক্ষ্মীপুর ও জয়নগর মৌজায় মোট ভূমির পরিমাণ ১শ’ ৪৯ দশমিক ৮৭ একর। রেলওয়ে ভূমি অফিস জানায়, মাত্র ১০ একর জমি রেলওয়ের নিজস্ব কাজে ব্যবহার হচ্ছে। লিজ দেয়া আছে মাত্র ৫ একর, বাকি ১শ’ ৩৫ একর জমি অবৈধ দখলদারদের কবলে। লিজ দেয়া ৫ একরের মধ্যে মাত্র ৫০ শতাংশ জমি বাণিজ্যিক, বাকি সব কৃষি হিসাবে লিজ দেয়া রয়েছে। ১শ’ ৩৫ একর জমি লিজ দেয়া হলে প্রতি বছর রাজস্ব আয় হতো প্রায় ২ লাখ টাকা। কিন্তু অবৈধ দখলদাররা লিজ না নিয়ে অবৈধভাবে দখল করায় সরকার প্রতি বছর লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, রেলওয়ের জায়গার উপর অবৈধভাবে দোকানপাট এবং ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে। তেমনি রেললাইনের দুই ধারে রয়েছে কৃষি জমি। অভিযোগ উঠেছে, রেলের কিছু অসত্ ভূমি কর্মকর্তা অবৈধ দখলদারদের কাছ থেকে অবৈধ নজরানা নিয়ে থাকেন। যে কারণে রেলের কোটি কোটি টাকার জমি দীর্ঘদিন থেকে অবৈধ দখলদাররা ভোগ করে আসলেও দেখেও না দেখার ভান করে আসছেন কর্মকর্তারা। এ বিষয়ে রেলওয়ে পশ্চিমের একাধিক ভূমি কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।
