মঠবাড়িয়ায় অর্থের অভাবে মুক্তিযোদ্ধার চিকিত্সা বন্ধ

আপডেট : ২৮ জুন ২০১৩, ২০:৩৫
উপজেলার চালিতাবুনিয়া গ্রামের অসহায় মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা হাওলাদার দেশ স্বাধীনের জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করলেও নিজেই এখন জীবন-যুদ্ধে হারতে বসেছেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে তিনি শয্যাশায়ী। অর্থের অভাবে দরিদ্র এ মুক্তিযোদ্ধার ন্যূনতম চিকিত্সা চলছে না। মুক্তিযোদ্ধা মোস্তফা জানান, ১৯৭১ সালে তিনি ক্যাপ্টেন মেহেদী আল ইমামের নেতৃত্বে পটুয়াখালী সাব-সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন। তার মুক্তিযোদ্ধা গেজেট নম্বর ৯৭৩ ও মুক্তিবার্তা নম্বর ০৬০৫০৬০৫৯৩। তিনি বরগুনা ও পটুয়াখালী অঞ্চলে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধের পর কৃষিকাজ করে জীবিকা চালাতেন। বড় ছেলে জসিম হাওলাদার লেখাপড়া বাদ দিয়ে সংসারের হাল ধরেছেন। ২০১০ সালে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। বর্তমানে তিনি ঢাকার অর্থপেডিক সার্জন ডা. প্রশান্ত আগরওয়ালের চিকিত্সাধীন। চিকিত্সক জানিয়েছেন তার কোমরে দ্রুত অপারেশন প্রয়োজন। এতে তিন লাখ টাকার প্রয়োজন। তিনি প্রধানমন্ত্রীর কাছে তার চিকিত্সার আবেদনের পাশাপাশি দেশের সহূদয় মানুষের সহায়তা চেয়েছেন।