জামালপুর সদরের নরুন্দি এলাকায় পূর্ণাঙ্গ থানার দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী। নরুন্দি সচেতন নাগরিক কমিটির নেতৃত্বে থানার দাবিতে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নরুন্দি বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক কমিটির আহবায়ক খলিলুর রহমান ইটাইল, নরুন্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী সরকার, নাগরিক কমিটির সদস্য মশিউর রহমান, মোতালেব হোসেন, আব্দুল গনি মিস্টার, রানা মিয়া খোকা ও এমদাদুল হক। জামালপুর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দুর্গম অঞ্চল নরুন্দি। তাই এখানে অপরাধীদের অভয়ারণ্য, নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিতি পেয়েছে। আইন-শৃঙ্খলার উন্নতি রাখার স্বার্থে একটি থানার বিশেষ প্রয়োজন। তাই তারা অবিলম্বে নরুন্দিকে পূর্ণাঙ্গ থানা ঘোষণার দাবি জানান।
