হাজীগঞ্জে বিদ্যালয় ভবন পরিত্যক্ত ক্লাস হয় খোলা আকাশের নিচে

আপডেট : ২৮ জুন ২০১৩, ২০:৩৬
হাজীগঞ্জের সেন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণার পর রোদ-বৃষ্টিতে ক্লাস চলছে খোলা আকাশের নিচে। তাই শিক্ষক ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায়, পুরাতন ভবনের ছাদসহ দেয়াল ও পিলারের বিভিন্ন অংশ ফাটল দেখা দিয়েছে এবং প্লাষ্টার ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। এমনকি ইতিপূর্বে ছাদের মধ্যবর্তী অংশ ভেঙ্গে নিচে পড়লে অল্পের জন্য শিক্ষার্থীরা প্রাণে রক্ষা পায়। খবর শুনে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রৌকশলী গিয়ে তাত্ক্ষণিক এ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেন । কিন্তু বিকল্প ভবন না থাকায় ক্লাস নিতে হচ্ছে খোলা আকাশের নিচে। প্রচণ্ড রোদ বা বৃষ্টিতে ক্লাস নিতে না পারায় বিদ্যালয়টি প্রায়ই সময় বন্ধ থাকে। প্রাথমিক ও সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তিসহ শতভাগ ফলাফল পাওয়া এ প্রতিষ্ঠানটি ভবনের অভাবে পাঠদানে বিঘ্ন ঘটায় আগামীতে মারাত্মক ফলাফল বিপর্যয় দেখা দিতে পারে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা। বিদ্যালয়টির ভারপাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান জানান, কয়েকবার জেলা ও উপজেলা শিক্ষা অফিসে এ অবস্থার বর্ণনা দিয়ে আবেদন করেছি, কিন্তু আজও পর্যন্ত কোন সাড়া পাইনি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান বলেন, আমরা ইতিমধ্যে পরিত্যক্ত ভবনের তালিকা কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছে এবং আশা করি খুব শীঘ্রই নতুন ভবনের জন্য দরপত্র আহ্বান করা হবে।