ঢাকার মিরপুরের আলোচিত সেই ‘ভূতুড়ে বাড়ির’ বাসিন্দা ডাক্তার-প্রকৌশলী দুই বোন রীতা-মিতা আবারও ফিরলেন নিজ বাড়িতে। গতকাল শুক্রবার সকালে বগুড়ার সামাজিক প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র থেকে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান ও রীতা-মিতার বড়বোন কামরুন নাহার হেনা এসে তাদের ঢাকায় নিয়ে যান। গত ৪ মাস ধরে তারা বগুড়ার আকবরিয়া আবাসিক হোটেলে রহস্যজনকভাবে অবস্থান করছিলেন। পরে গত ২৩ জুন সেখান থেকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় তাদের সামাজিক প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিলো।
সকাল ১০টায় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান ও রীতা-মিতার বড়বোন কামরুন নাহার হেনা বগুড়ায় আসেন। তারা বগুড়ার সামাজিক প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে গিয়ে দুই বোনের সঙ্গে কথা বলেন। এরপর তাদের সঙ্গে নিয়ে মাইক্রোবাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। উল্লেখ্য, ২০০৫ সালের ৮ জুলাই বিভিন্ন জাতীয় দৈনিকের শিরোনাম হয়েছিলেন এই দুই দু’বোন। মানবাধিকার কর্মী অ্যাড. এলিনা খান আলোচিত সেই ‘ভূতুড়ে বাড়ি’ থেকে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করেছিলেন।
