গাইবান্ধা সরকারি বালিকা শিশু সদনে এক এতিম কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে ওই শিশু সদনের সাবেক উপ-তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আরিফ প্রধানকে বৃহস্পতিবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় নির্যাতিত ওই কিশোরী থানায় মামলা দায়ের করেছে। জানা গেছে, জাহাঙ্গীর আরিফ প্রধান ২০০৮ সালে ওই প্রতিষ্ঠানে উপ-তত্ত্বাবধায়কের দায়িত্ব গ্রহণ করেন। সে সময় ৮ম শ্রেণীতে অধ্যয়নরত শিশু সদনের ওই এতিম কিশোরীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। পরে বিভিন্ন সময়ে বিয়েসহ নানা প্রলোভন, কথা না শুনলে এতিমখানা থেকে বের করে দেয়ার হুমকি দিয়ে ওই কিশোরীকে অনৈতিক কাজে বাধ্য করেন। একপর্যায়ে ২০১২ সালের শেষদিকে ওই উপ-তত্ত্বাবধায়ককে অন্ধ শিক্ষা কার্যক্রমে বদলি করা হয়। এরপরও সাবেক উপ-তত্ত্বাবধায়ক আরিফ শিশু সদনের বর্তমান উপ-তত্ত্বাবধায়ক উম্মে হাবীবা ও তার সহকর্মীদের সাথে কোন আলাপ-আলোচনা না করেই উক্ত মেয়েটির কক্ষে যেতেন। সমপ্রতি এনিয়ে এতিমখানা নিবাসীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করে। তারা লিখিতভাবে বিষয়টি উপ-তত্ত্বাবধায়ককে জানায়। এ নিয়ে কানাঘুষার একপর্যায়ে লোকলজ্জার ভয়ে গত ২৩ জুন মধ্যরাতে কিশোরীটি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি পরেরদিন জেলা আইন-শৃংখলা কমিটির সভায় ওঠে। সভার সভাপতি জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক বিষয়টি তদন্তের জন্য সমাজসেবা বিভাগের গাইবান্ধা উপ-পরিচালক শহিদুর রহমানকে দায়িত্ব দেন। শহিদুর রহমান বলেন, এ বিষয়ে ঢাকায় মহাপরিচালকের নিকট তদন্ত রিপোর্ট প্রেরণ করেছি এবং অভিযুক্ত জাহাঙ্গীর আরিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
