মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির প্রধান বিরোধী জোট। এদিকে, আগামী ৩০ জুন মুরসি বিরোধীদের নির্ধারিত বিক্ষোভের মাত্র দুইদিন আগে গতকাল শুক্রবার কায়রোতে সমাবেশ করেছে মুরসির সমর্থকরা। মুরসির বিরোধী এবং সমর্থকরা পাল্টাপাল্টি অবস্থান নেয়ায় মিসরে বিস্ফোরণোন্মুখ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ক্ষমতা গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে গত বুধবার দেয়া মুরসির ভাষণের প্রতিক্রিয়ায় জানিয়েছে মিসরের প্রধান বিরোধী জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট। জোটের সংস্কারপন্থি নেতা এল বারাদি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, মুরসির ভাষণে প্রতিফলিত হয়েছে এক বছর ধরে দেশ পরিচালনায় ব্যর্থতার কারণে মিসরের কঠিন পরিস্থিতি বুঝতে তিনি পরিষ্কারভাবে অসমর্থ হয়েছেন।
মুরসি তার দেয়া ভাষণে রবিবারের গণবিক্ষোভ আয়োজনকারীদের শান্ত করার চেষ্টা করেছিলেন। তিনি এক বছরে কিছু ‘ভুল’ করার কথাও স্বীকার করেন। পাশাপাশি সাংবিধানিক সংস্কারের প্রতিশ্রুতি দেন এবং সংলাপে বসার জন্য বিরোধীদের প্রতি আহ্বান জানান। তিনি সরকার পরিবর্তনের জন্য বিরোধীদের বিক্ষোভের বদলে নির্বাচনের পথ ব্যবহার করার কথাও বলেন।
প্রসঙ্গত, আগামী রবিবার মিসরে গণবিক্ষোভের ডাক দিয়েছে তামারোদ নামের একটি সংগঠন। এরই মধ্যে তারা আগাম প্রেসিডেন্ট নির্বাচনের পক্ষে দেড় কোটি স্বাক্ষর সংগ্রহ করেছে। মুরসি বিরোধীরা অভিযোগ করেছে, যে লক্ষ্য নিয়ে ২০১১ সালে প্রেসিডেন্ট হোসনি মোবারককে ক্ষমতাচ্যুত করে পরে মুরসিকে ক্ষমতায় বসানো হয়েছিল, সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন তিনি। এদিকে, বিরোধীদের নির্ধারিত বিক্ষোভের মাত্র দুই দিন আগে গতকাল শুক্রবার মুরসির সমর্থকরাও সমাবেশ করেছে। সকাল থেকেই কায়রোর তাহরির স্কয়ারসহ দেশটির বিভিন্ন শহরের কেন্দ্রস্থলে জমায়েত হয়ে তারা মুরসির প্রতি নিজেদের সমর্থনের কথা জানান। মুরসির বিরোধী এবং সমর্থকদের এরকম পাল্টাপাল্টি অবস্থানে মিসরে বিস্ফোরণোন্মুখ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
