গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনায় তদন্তের আওতায় সাবেক মার্কিন জেনারেল

আপডেট : ২৮ জুন ২০১৩, ২০:৪৯
ইরানের পরমাণু কর্মসূচির ওপর সাইবার হামলার গোয়েন্দা তথ্য পাচার করার বিষয়টি তদন্ত করছে যুক্তরাষ্ট্র সরকার। গত বৃহস্পতিবার এনবিসি টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয় স্টাক্সনেট কম্পিউটার ভাইরাসের তথ্য পাচারের সাথে সাবেক জেনারেল জেমস কাটরিটের জড়িত থাকার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি কি উদ্দেশ্যে তথ্যটি ফাঁস করেছিলেন তা বোঝার চেষ্টা করছে মার্কিন কর্মকর্তারা।—খবর আল জাজিরার। ইরানের ১ হাজার সেন্ট্রিফিউজ সাময়িকভাবে অকার্যকর করার জন্য ২০১০ সালে ভাইরাসটি ব্যবহার করা হয়েছিল। ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত জয়েন্ট চিফ অব স্টাফ থাকাকালীন স্টাক্সনেট এর কার্যক্রমের সাথে জড়িত ছিলেন কাটরিট। গত বছর তার ভূমিকার ওপর একটি নিবন্ধ ছাপা হয় নিউইয়র্ক টাইমসে। এতে বলা হয় যে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ওবামা প্রশাসনের প্রধান অস্ত্র ছিল এই ভাইরাসটি। এব্যাপারে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন ওবামা। তিনি বলেন, এ ধরনের তথ্য ফাঁস করা গুরুতর অপরাধ।